| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবজাতকের সুস্বাস্থ্য কামনায় গণবৃক্ষরোপণ কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৬ ইং | ২৩:২২:১০:অপরাহ্ন  |  ৩৬৮ বার পঠিত
নবজাতকের সুস্বাস্থ্য কামনায় গণবৃক্ষরোপণ কর্মসূচি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: নবজাতক সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার (১৭ জুলাই) বিনামূল্যে পবিত্র আল-কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করেছে হাউস অব আল তৌফিকী। একই সঙ্গে তাঁর আকিকা উপলক্ষে ঘোষিত ৭৭ দিনব্যাপী গণবৃক্ষরোপণ কর্মসূচিও চলমান রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ জুলাই দিনব্যাপী আগ্রহী যে কেউ বিনামূল্যে পবিত্র আল-কোরআন সংগ্রহ করতে পারবেন। কোরআন বিতরণ করা হচ্ছে কাপাসিয়ার নরোত্তমপুর এলাকার হাউস অব আল তৌফিকী প্রাঙ্গণ থেকে।

এর আগে, ৩ জুলাই নবজাতকের জন্ম উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা ও সদকায়ে জারিয়ার চেতনা ছড়িয়ে দিতে ৭৭ দিনব্যাপী গণবৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শিক্ষাবিদ, লেখক ও সমাজসেবক তৌফিক সুলতানের প্রথম পুত্র সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক-এর আকিকা উপলক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

"একটি শিশু—একটি গাছ, একটি গাছ—একটি সদকায়ে জারিয়া" প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি ও ছায়াবৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশ, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, এতিমখানা, কবরস্থান এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, যারা নিজ বাড়িতে চারা সংগ্রহ করবেন, তাদের গাছ থেকে ভবিষ্যতে প্রাপ্ত ফল, কাঠ বা অন্যান্য উপকারের অর্ধেক একটি মাদ্রাসায় দান করার এবং বাকি অর্ধেক পারিবারিক প্রয়োজনে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে একটি গাছকে দীর্ঘমেয়াদি মানবকল্যাণ ও সদকায়ে জারিয়ার উৎসে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আয়োজক তৌফিক সুলতান বলেন, “আমরা চাই, একটি শিশুর জন্মের আনন্দ যেন হাজারো গাছের জন্মের কারণ হয়। একটি গাছ শুধু ফল বা ছায়াই দেয় না, এটি পরিবেশ রক্ষা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সদকায়ে জারিয়ার অবিরাম উৎস হয়ে থাকে। আমাদের এই উদ্যোগ অন্য পরিবারগুলোকে অনুপ্রাণিত করলে প্রতিটি নবজাতকের আগমনে বাংলাদেশ আরও সবুজ হয়ে উঠবে।”

জানা গেছে, সুলতান তাজরিয়ান আল তৌফিকী ইবনে তৌফিক ২০২৬ সালের ৯ জুন গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর আকিকা ও দোয়া মাহফিল ১৫ জুন পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষক, আলেম, গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, আকিকার আয়োজনকে শুধু পারিবারিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সংরক্ষণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, রাসূলুল্লাহ (সা.) বৃক্ষরোপণকে সদকার মর্যাদা দিয়েছেন। তাঁর হাদিস অনুযায়ী, কোনো ব্যক্তি একটি গাছ রোপণ করলে এবং মানুষ, পাখি কিংবা অন্য প্রাণী তা থেকে উপকৃত হলে সেটি তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়।

পরিবেশবিদদের মতে, একটি পূর্ণবয়স্ক গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ, অক্সিজেন সরবরাহ, মাটির ক্ষয় রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য এ ধরনের গণবৃক্ষরোপণ কর্মসূচি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হতে পারে।

হাউস অব আল তৌফিকী দেশের নাগরিক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও পরিবেশপ্রেমীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। তাদের ভাষায়, “আজ একটি গাছ লাগান—আগামী প্রজন্মকে একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিন।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪