টাঙ্গাইল প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জানান, শহিদ ও আহত পরিবারের কল্যাণে সরকার প্রয়োজনীয় সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল ও বিচার নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারীদের যথাযথ সম্মান নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি