আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের যাতায়াত সহজ করতে স্পনসর বা আয়োজক ছাড়াই পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা’ চালু করেছে দুবাই। নতুন এই সুবিধার মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের নাগরিক একাধিকবার দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন।
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানায়, নতুন ভিসাধারীরা প্রতিবার ভ্রমণে সর্বোচ্চ ৯০ দিন আমিরাতে থাকতে পারবেন। প্রয়োজনে এ মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে। তবে এক পঞ্জিকাবর্ষে কেউ মোট ১৮০ দিনের বেশি আমিরাতে অবস্থান করতে পারবেন না।
কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটন ও আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ করাই এ ভিসা সুবিধার মূল লক্ষ্য। নির্দিষ্ট যোগ্যতা ও আর্থিক সক্ষমতার প্রমাণ সাপেক্ষে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য সদ্য তোলা রঙিন ছবি, অন্তত ছয় মাস মেয়াদসহ পাসপোর্টের কপি, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ন্যূনতম ৪ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি দেখাতে হবে। পাশাপাশি আমিরাতে কার্যকর স্বাস্থ্য বীমা ও নিশ্চিত ফিরতি বিমান টিকিটও প্রয়োজন হবে।
গালফ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ নীতি আন্তর্জাতিক পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য দুবাইকে আরও আকর্ষণীয় করবে। আগে যেখানে অনেক ক্ষেত্রে স্থানীয় স্পনসরের প্রয়োজন হতো, নতুন ব্যবস্থায় সেই শর্ত শিথিল করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি