| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২জন, বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ১১:৫৫:৩৯:পূর্বাহ্ন  |  ৬২৮ বার পঠিত
বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২জন, বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাতাসে ভাসমান অদৃশ্য সূক্ষ্ম ধূলিকণাই এখন দেশের সবচেয়ে বড় নীরব ঘাতকে পরিণত হয়েছে। এই বিষাক্ত বায়ুর কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার এবং দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২৪২ জন মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন।

শুধু প্রাণহানিই নয়, বায়ুদূষণের কারণে কমছে কর্মক্ষমতা, হ্রাস পাচ্ছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের অর্থনীতিতে হচ্ছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি।

বাংলাদেশে বায়ুদূষণের ক্রমবর্ধমান স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেইঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিট।

সম্প্রতি গবেষণা ইউনিটটির একটি গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিউশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই ছয়টি প্রধান শহরে পিএম২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণাজনিত বায়ুদূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণার ফলাফল অনুযায়ী, শুধু এই ছয়টি শহরেই পিএম২.৫ দূষণের কারণে বছরে প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জন এবং প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন বায়ুদূষণের শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন।

এই দূষণের অর্থনৈতিক ক্ষতিও অত্যন্ত ভয়াবহ। গবেষকদের হিসাবে, প্রতি বছর প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার বা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, যা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশের সমান।

স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণে দেখা গেছে, বায়ুদূষণজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন হৃদরোগে। প্রতি বছর এ কারণে প্রায় ৩৭ হাজার ৫১৯ জনের মৃত্যু হচ্ছে। এছাড়া দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে মারা যাচ্ছেন ৮ হাজার ৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে প্রাণ হারাচ্ছেন ৮১১ জন।

শহরভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে রাজধানী ঢাকা। গবেষণা অনুযায়ী, ঢাকায় প্রতি বছর প্রায় ৬৮ হাজার ৭০৩ মানুষের অকালমৃত্যু পিএম২.৫ দূষণের সঙ্গে সম্পর্কিত। এরপর রয়েছে চট্টগ্রাম (১১ হাজার ২০২), রাজশাহী (২ হাজার ৮২৭), খুলনা (২ হাজার ৬২৫), সিলেট (১ হাজার ৪৮৮) এবং বরিশাল (১ হাজার ৩৯৫)।

গবেষণায় ২০১৩ থেকে ২০২১ সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ছয়টি শহরেই বায়ুদূষণজনিত অকালমৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ঢাকায়, যেখানে প্রতি বছর গড়ে অতিরিক্ত প্রায় ৩ হাজার ৪৮৪ জন মানুষের মৃত্যু হচ্ছে পিএম২.৫ দূষণের কারণে।

গবেষকদের মতে, এটি নগরাঞ্চলের বায়ুমানের দ্রুত অবনতির একটি স্পষ্ট সতর্কসংকেত।

গবেষক দলের প্রধান মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা প্রায়ই বায়ুদূষণকে শুধু পরিবেশগত সমস্যা হিসেবে দেখি। কিন্তু আমাদের গবেষণা দেখাচ্ছে, এটি একই সঙ্গে একটি বড় জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট। বছরে প্রায় ৮৮ হাজার অকালমৃত্যু এবং জিডিপির প্রায় পাঁচ শতাংশ সমপরিমাণ ক্ষতি নীতি-নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ক্ষতি আরও বাড়বে।’

তবে গবেষণাটি আশার কথাও বলছে। গবেষকদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর গুণগত মান নির্দেশিকা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বায়ুদূষণজনিত অকালমৃত্যু এবং অর্থনৈতিক ক্ষতির বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব।

এ লক্ষ্যে তারা পিএম২.৫ নির্গমন কমাতে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, শিল্প ও যানবাহনসহ বিভিন্ন দূষণের উৎস নিয়ন্ত্রণ, নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪