| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ২৩:৩৮:২২:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
নতুন সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক: ডেপুটি স্পিকার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গঠিত নতুন সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। জাতীয় সংসদ জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সংসদে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে গণতান্ত্রিক পরিবেশে জনকল্যাণমুখী রাজনীতি চর্চা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা এলাকায় ব্যক্তিগত সফরকালে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

ডেপুটি স্পিকার বলেন, পতিত সরকারের আমলে জাতীয় সংসদ কার্যকরভাবে পরিচালিত হয়নি। তবে বর্তমানে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, যা জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘যে ত্যাগের বিনিময়ে দেশে নতুন করে গণতন্ত্র ফিরে এসেছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদীয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতার সহযোগিতায় সংসদকে আরও কার্যকর করতে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করা হচ্ছে।’

কায়সার কামাল বলেন, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সমন্বয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। অতীতে গুম, ক্রসফায়ার ও মানবাধিকার লঙ্ঘনের যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম এবং ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪