নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আলোচিত এ মামলার প্রধান আসামি লতা বেগমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মাধবদী থানায় মামলা হলে আসামিকে গ্রেপ্তারে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।
র্যাব জানায়, শিশুটির ওপর নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা করেন। মামলায় লতা বেগমকে প্রধান আসামি এবং তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়।
এ ঘটনায় লতা বেগমের স্বামী ও বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এম এইচ