| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাশিমপুর কারাগার থেকে বন্দি পলায়ন, বরখাস্ত ৭

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১১:১১:০৩:পূর্বাহ্ন  |  ৩৩১ বার পঠিত
কাশিমপুর কারাগার থেকে বন্দি পলায়ন, বরখাস্ত ৭

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট সাতজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি ও মেরিনা এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় তদারকির ফাঁক গলে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা রিম্পা (২১) অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

রিম্পা ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ কারাগারে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ মামলা করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪