ভোলা প্রতিনিধি:ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে পুনরায় জুলফিকার মাহমুদ নিয়াজ সভাপতি এবং কামাল গোলদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা আগামী দু-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে।
নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক তিন সভাপতি অধ্যক্ষ ডিএম ফারুক, অধ্যাপক মিজানুর রহমান ও হাবিবুর রহমান সেলিম।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন মাওলানা আবদুল জলিল, শহিদুল ইসলাম দুলাল, আলহাজ কামাল মিয়াজী, মাওলানা রুহুল আমিন, হারুন অর রশিদ, রুহুল আমিন বাবুল, সোহরাব হোসেন লিটন, মোস্তাফিজুর রহমানসহ প্রেসক্লাবের নবীন ও প্রবীণ সদস্যরা।
সন্ধ্যা ৭টা থেকেই প্রেসক্লাব মিলনায়তনে অর্ধশতাধিক সদস্যের উপস্থিতিতে মিলনমেলার আবহ সৃষ্টি হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের প্রাণবন্ত অংশগ্রহণে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ