| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটপাত দখলে পানছড়ি বাজারে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীরা

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ২০:১৯:৫১:অপরাহ্ন  |  ১৭২৮ বার পঠিত
ফুটপাত দখলে পানছড়ি বাজারে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন পথচারীরা

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিন দিন বেড়ে চলেছে ফুটপাত দখলের প্রবণতা। দোকানপাটের মালামাল ফুটপাতে ফেলে রাখা, অস্থায়ী দোকান বসানো এবং বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে পথচারীদের জন্য নির্মিত ফুটপাত এখন কার্যত অচল হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ, যা বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি এবং সৃষ্টি করছে চরম জনদুর্ভোগ। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানছড়ি বাজার থেকে লোগাং ও গৌরাঙ্গপাড়া সড়কের দুই পাশে থাকা অনেক স্থায়ী দোকান ফুটপাত ও সড়কের অংশ দখল করে ব্যবসা পরিচালনা করছে। বিশেষ করে হার্ডওয়্যার ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায়ীরা ফুটপাতের ওপর রড, সিমেন্ট, পানির ড্রাম, লোহার যন্ত্রাংশসহ বিভিন্ন নির্মাণসামগ্রী দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন। এছাড়া অস্থায়ী দোকান ও পসরা বসানোর কারণে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ফুটপাত দখল হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরাও উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাধ্য হয়ে সড়কের ওপর বসে বিক্রি করছেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় পথচারীদের অভিযোগ, ফুটপাত ব্যবহার করতে না পারায় শিশু, নারী ও বয়স্কদের সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এক পথচারী বলেন, “ফুটপাতে হাঁটার কোনো জায়গাই নেই। বাধ্য হয়ে আমাদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

অটোরিকশাচালক কবির হোসেন বলেন, “ফুটপাত দখল হয়ে থাকায় রাস্তা অনেক সংকুচিত হয়ে গেছে। তার ওপর অতিরিক্ত ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে যাত্রীদের রাস্তার ওপরই ওঠানামা করতে হয়। বড় যানবাহন এলে সাইড দিতে সমস্যা হয়। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।”

পানছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. হেদায়েত তালুকদার জানান, “আগেও বাজারের ব্যবসায়ীদের ফুটপাত পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশাসন যদি অবৈধ দখল উচ্ছেদে উদ্যোগ নেয়, বাজার পরিচালনা কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে।”

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা বলেন, “এটি প্রশাসনিক বিষয়। প্রশাসন চাইলে সহজেই সমাধান করতে পারে। উচ্ছেদ অভিযানে আমাদের প্রয়োজন হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।”

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা, নিয়মিত তদারকি এবং ফুটপাত দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তাদের ভাষ্য, “ফুটপাত পথচারীদের জন্য। এটি দখলমুক্ত রাখা শুধু প্রশাসনের নয়, সংশ্লিষ্ট সবার দায়িত্ব।”

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪