সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু বলেছেন, সরকারের গৃহীত প্রকল্পগুলোর সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। এ বিষয়টি অনুধাবন করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দ্রুত দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এ নির্বাচনে বিএনপি মনোনীত বা সমর্থিত প্রার্থীদের বিজয়ী করে জনসেবা নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্ষীয়ান এই বিএনপি নেতা বলেন, অতীতে সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও মাঠে থেকেছি। বিএনপির মনোনয়নে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনও করেছি। আসন্ন নির্বাচনে আপনাদের সহযোগিতায় চেয়ারম্যান নির্বাচিত হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিম রেজার সহযোগিতায় রতনকান্দিকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করব, ইনশাআল্লাহ। পাশাপাশি বাগবাটিসহ সদর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করব।
শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও বাগবাটি ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা কৃষকদলের সদস্যসচিব শাহাদত হোসেন ঠান্ডু, জেলা বিএনপির নেতা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসানসহ জেলা, উপজেলা এবং রতনকান্দি ও বাগবাটি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব