কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি মানসম্মত শিক্ষা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, শিক্ষকদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমেই শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
শনিবার (১৮ জুলাই) বিকেলে জয়পুরহাটের কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি নিয়মিত পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মিসেস নাজমা আরা বারী, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব