চট্টগ্রাম প্রতিনিধি: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম এলাকায় ১০০টি অসহায় ও পানিবন্দী পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
সংগঠনটির উদ্যোগে উপজেলার মধ্যম পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জলদাশপাড়া এবং ৪ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ‘ভালোবাসার উপহার’ হিসেবে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সদস্যরা দুর্গম বন্যাকবলিত এলাকায় সরাসরি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান, ডিরেক্টর (অর্গানাইজেশন) অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, মহানগর বায়েজিদ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম শান্তনু চৌধুরী, স্টুডেন্ট কাউন্সিলের সদস্য মাহির শাহরিয়ার এবং সমাজকর্মী সাজিবুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
ত্রাণ বিতরণকালে সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অসহায় মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবতার সেবায় সবসময় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি দুর্গম বন্যাকবলিত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতা করা সব ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে বাঁশখালীর পূর্ব বাঁশখালী এলাকার বন্যাদুর্গত প্রায় ২৫০টি পরিবারের মাঝেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছিল বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
রিপোর্টার্স২৪/ধ্রুব