| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৬ ইং | ১৩:৫৯:১২:অপরাহ্ন  |  ৫৪৪৪ বার পঠিত
নেত্রকোণায় স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

আনিসুর রহমান: নেত্রকোণা সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অধিকাংশ অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছাড়াই প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং তদন্তের দাবি উঠেছে।

অভিযোগকারী বিদ্যালয়ের দাতা সদস্য মো. মাসুদুর রহমান দোলন জানান, বিদ্যালয়ের মোট ৩৪ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমি দানকারী মরহুম ফজলুল করিমের পরিবারের সদস্যদের সভায় আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া প্রায় ১৪৫ জন শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে মাত্র ৩৫ থেকে ৪০ জনকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত অভিভাবকদের মতামত বা ভোটগ্রহণ ছাড়াই প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহাব খান প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ে যোগ্য ও বৈধ ছাত্র-অভিভাবক থাকা সত্ত্বেও একজন ছাত্রবিহীন ব্যক্তিকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় সরকারি স্লিপ ফান্ড, শিশু শ্রেণির বরাদ্দ, অবকাঠামো সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন দিবসের বরাদ্দ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র সংস্কারসহ বিভিন্ন সরকারি অর্থ ব্যয়েরও তদন্ত দাবি করা হয়েছে।

সভায় উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের দাবি, সকল বৈধ অভিভাবক, দাতা সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উন্মুক্ত সভা করে মতামত বা ভোটের মাধ্যমে কমিটি গঠন করা উচিত ছিল। কিন্তু সে প্রস্তাব উপেক্ষা করে পূর্বপ্রস্তুত একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা নিজাম উদ্দিন বলেন, এক-তৃতীয়াংশেরও কম অভিভাবক নিয়ে অনুষ্ঠিত সভার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি নীতিমালা অনুযায়ী পুনরায় সভা আয়োজন করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান।

অভিভাবক জুয়েল মিয়া অভিযোগ করেন, সভায় উপস্থিত অভিভাবকদের কোনো মতামত না নিয়েই প্রধান শিক্ষক পকেট থেকে একটি তালিকা বের করে প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, অভিভাবকদের মতামতের কোনো মূল্যায়ন না থাকলে সভা আয়োজনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন ওঠে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, ম্যানেজিং কমিটি নিয়ে চলমান বিরোধ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত বিষয়টি তদন্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহাব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নেত্রকোণা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪