মানিকগঞ্জ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার (১৯ জুলাই) সকালে সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিশুদের বেড়ে ওঠার সঙ্গে পরিবেশ সংরক্ষণের শিক্ষা যুক্ত করতেই সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করলে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতিও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের জন্য স্কুলের পোশাক, ব্যাগ, পুষ্টিকর খাবারসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিদ্যালয়কে দলীয় প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজনের কোনো স্থান নেই। শিক্ষকরা যেন নিরাপদ ও স্বস্তিকর পরিবেশে পাঠদান করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। তিনি পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি