রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির সময় ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম শেখ একই গ্রামের মৃত বিশু শেখের ছেলে।
খামারের কর্মচারী জানান, সকালে খাবার দিতে গিয়ে ফিডের বস্তার নিচে জসিমকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৫০ কেজি ওজনের একটি ফিডের বস্তা চুরির চেষ্টা করেন জসিম। এ সময় বস্তাটি তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/বাবি