নরসিংদী প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরোক্ষ ধূমপানের ক্ষতি রোধে নরসিংদী পৌরসভার সব কার্যালয়কে ধূমপান ও তামাকজাত দ্রব্যমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন পৌরসভার প্রশাসক মোছা. নাদিরা আখতার।
ঘোষণা অনুযায়ী, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬) অনুসারে পৌরসভার সব কার্যালয় ও এর আওতাধীন অফিসে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা। তিনি বলেন, সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন এবং নরসিংদী পৌরসভার এ উদ্যোগ অন্য প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হতে পারে।
পৌর প্রশাসক নাদিরা আখতার বলেন, পরোক্ষ ধূমপানও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগকে স্বাগত জানান।