| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার বৃদ্ধ, দুই দিন পর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ০২:০৩:৫৫:পূর্বাহ্ন  |  ৮৮৯৪ বার পঠিত
ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার বৃদ্ধ, দুই দিন পর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফজলুল হক (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর রোববার (১৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় ভাড়া বাসায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মো. রবিন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকার আহসান ভিলা (মিয়া বাড়ি) সামনে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হকের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার দেউলাবাড়ি গ্রামে। তিনি গোদনাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ফতুল্লার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই রাতে নোবেল শেখ নামে এক ব্যক্তি এক নারীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এ সময় উপস্থিত এক ব্যক্তি তাঁকে একটি থাপ্পড় দিয়ে ঝগড়া থামাতে বলেন। একই সময় ফজলুল হকও তাঁদের ঝগড়া না করার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে নোবেল মুঠোফোনে কল করে কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। পরে তাঁরা এসে ফজলুল হককে মারধর করে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ১৮ জুলাই তিনি বাড়ি ফিরে যান। পরদিন ১৯ জুলাই সকালে ভাড়া বাসায় হঠাৎ রক্তবমি করে তিনি মারা যান।

নিহতের মেয়ে ফারজানা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে তাঁর ছোট ভাই ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার বাদী ছিলেন তাঁর বাবা ফজলুল হক। মামলাটি আপস করা বা তুলে নেওয়ার জন্য আসামিরা বিভিন্ন সময় তাঁর বাবাকে হুমকি দিয়ে আসছিলেন। এই কারণে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে সন্দেহ তাঁর।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মো. রবিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বিকেল সাড়ে পাঁচা টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।' 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪