মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৯ জুলাই) মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নের আগ পয়লা ও বেতমারি তালতলা এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের আগ পয়লা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে নাজমীন (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নাজমীন একই ইউনিয়নের রুকনাইপাড়া গ্রামের নাজমুল হোসাইনের একমাত্র মেয়ে।
নাজমীনের প্রতিবেশী নানা বকুল মিয়া জানায়, রবিবার সকাল ৭:৩০ মিনিটের দিকে নাজমীন তার নানীর সাথে রাস্তার একপাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নাজমীন চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হলে ওই অটোরিকশা চালক নাজমীনকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানে নাজমীন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
একই দিনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারি তালতলা মোড় এলাকায় জামালপুরের উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি মেলান্দহ উপজেলার চরবানি পাকুরিয়া ইউনিয়নের বেতমারি তালতলা মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিনএনজিটি দুমড়েমুচড়ে গেলে সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়ে অজ্ঞাত দুই নারী মৃত্যু বরণ করে।
আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মজিবুর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫),শফিকুল ইসলাম (৩৮) ও ফাতেমা আক্তার (৫০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব