| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্মাণের সাত দিনেই ভেঙে গেল নির্মিত ড্রেন

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৯:৪৪:২৭:অপরাহ্ন  |  ৮১৯ বার পঠিত
নির্মাণের সাত দিনেই ভেঙে গেল  নির্মিত ড্রেন

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তিনটি গ্রামের জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ড্রেন নির্মাণের মাত্র সাত দিনের মাথায় ধসে পড়েছে। এ ঘটনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাবি করেছেন, নির্মাণসামগ্রীর নয়, মিস্ত্রির কাজের ত্রুটির কারণেই ড্রেনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২৬ অর্থবছরের বিবিজি (বিবিজি) বিশেষ কিস্তির আওতায় ড্রেনটি নির্মাণ করা হয়।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ড্রেনের একাধিক অংশ ধসে পড়েছে। কোথাও দেয়াল ভেঙে হেলে পড়েছে, কোথাও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এছাড়া ড্রেনের মুখে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের হতে পারছে না। ফলে বিল ও ফসলি জমিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। প্রয়োজনীয় রড ও পিলার ছাড়াই দায়সারাভাবে কাজ করায় সামান্য বৃষ্টির পানির চাপেই ড্রেনটি ধসে পড়েছে।

কৃষক মিজানুর রহমান বলেন, ড্রেনটি নির্মাণের উদ্দেশ্য ছিল বিলের পানি নিষ্কাশন। কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই এটি ভেঙে পড়ায় মাঠে পানি জমে আছে এবং চাষাবাদ ব্যাহত হচ্ছে।

আরেক কৃষক মোজাহার হোসেন জানান, এ এলাকার প্রায় ৫০০ বিঘা জমির পানি নিষ্কাশনের জন্য ড্রেনটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এটি ধসে পড়ায় কৃষকরা আবারও জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা আজাদ রহমানের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকৌশলগত মান না মেনেই ড্রেনটি নির্মাণ করা হয়েছে। ফলে অল্প সময়েই এটি অকার্যকর হয়ে পড়েছে।

নির্মাণকাজে যুক্ত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, চেয়ারম্যানের নির্দেশনায় কাজটি সম্পন্ন হয়েছে এবং তার মালিকানাধীন ইটভাটার ইট নির্মাণকাজে ব্যবহার করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বলেন, নির্মাণসামগ্রীর ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হয়নি। মিস্ত্রির কাজের ত্রুটির কারণে ড্রেনটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি দ্রুত মেরামত করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় বলেন, ড্রেন ধসে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম বা অবহেলার প্রমাণ মিললে চেয়ারম্যানসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। প্রতি বর্ষায় জলাবদ্ধতায় শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের আশায় নির্মিত ড্রেনটি অল্প সময়েই ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪