ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে টিনের চালে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মাতুব্বরের (৩০) বাড়ি পূর্ব শৌলডুবি গ্রামেই। আহতরা হলেন শেখ ওবাইদুর (৪০), মিঠু মাতুব্বর (৩৫) ও তার স্ত্রী হেনা আক্তার (২৫)। আহতদের মধ্যে আরও একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুরে প্রবল বৃষ্টির সময় চালু থাকা পল্লী বিদ্যুতের একটি মেইন তার হঠাৎ ছিঁড়ে বসতঘরের টিনের চালে পড়ে। এতে মুহূর্তের মধ্যে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায় এবং ঘরের ভেতরে থাকা ব্যক্তিরা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
আহত শেখ ওবাইদুর, মিঠু মাতুব্বর ও হেনা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদরপুর পল্লী বিদ্যুতের এজিএম শহিদুল ইসলাম বলেছেন, সংশ্লিষ্ট সংযোগ থেকে জিআই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব