ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১২ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনার প্রধান অভিযুক্ত মো. রাশেদকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাত বারোটার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাশেদ রুহিয়া থানার শুখানিপাড়া আকানগর গ্রামের মইনুল ইসলামের ছেলে। শিশুটিকে বলাৎকারের ঘটনায় তার মা বাদী হয়ে গত ২৮ জুন রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি রাশেদ এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন ভুক্তভোগী শিশুটি তার বাবার সঙ্গে আকানগর বাজারে যায়। সেখানে আসামি রাশেদ শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের মোটরসাইকেলে তুলে নেয়। পরে আকানগর বাজারসংলগ্ন রেলক্রসিং এলাকায় নিয়ে রাত নয়টার দিকে তাকে বলাৎকার করে। ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখানো হয়।
এর কয়েক দিন পর ২৪ জুন বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলার সময় রাশেদ আবারও তাকে ঘুরানোর কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। দুপুরে বোচাপুকুর এলাকার একটি ভুট্টা ও পাটক্ষেতে নিয়ে তাকে দ্বিতীয় দফায় বলাৎকার করা হয়। ঘটনার পর শিশুটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বজনদের প্রশ্নের মুখে পুরো বিষয়টি প্রকাশ করে।
জানতে চাইলে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, 'র্যাবের হাতে গ্রেফতার হওয়া আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশু নির্যাতনের এই সংবেদনশীল মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'
রিপোর্টার্স২৪/ধ্রুব