চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ফয়সাল (৩২), মো. রাকিব (২২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)। তাদের মধ্যে ফয়সাল অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনের বাবার আপন মামাতো ভাই।
পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (র.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন গত ২০ জুলাই প্রতিদিনের মতো স্কুলে যায়। ছুটির পর নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে এক ব্যক্তি শিশুটিকে জানায়, তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই কৌশলে শিশুটিকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা দেলোয়ার হোসেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা অভিযানের মাধ্যমে মঙ্গলবার রাতে প্রথমে সন্দেহভাজন ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ফয়সাল পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেছিলেন। এ কাজে তিনি পরিচিত কয়েকজন সিএনজি চালককে সম্পৃক্ত করেন এবং মুক্তিপণের অর্থ ভাগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।