| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১৭:৫৯:০৯:অপরাহ্ন  |  ১১৮৫ বার পঠিত
গাইবান্ধায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

গাইবান্ধা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পুরোদমে চলছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র তৈরি করা হবে, যার মাধ্যমে সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন সেবা সহজ, স্বচ্ছ ও দ্রুত নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি ব্লকে ১৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা একযোগে তথ্য সংগ্রহের কাজ করছেন। পুরো কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম।

কৃষি বিভাগ জানায়, কৃষক কার্ড চালু হলে একজন কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষিযন্ত্র ব্যবহারের সুবিধা, সেচ সুবিধা, কৃষি বীমা, কৃষিপণ্যের বাজারসংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ এবং মোবাইল ফোনে আবহাওয়া, বাজারদর ও ফসলের রোগবালাই সম্পর্কিত তথ্য পাবেন। শুধু ফসলচাষিই নন, প্রাণিসম্পদ ও দুগ্ধ খামারিরাও এ কর্মসূচির আওতায় আসবেন।

স্থানীয় কৃষকদের মতে, কৃষক কার্ড চালু হলে সরকারি কৃষি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে প্রকৃত কৃষকরাই সরাসরি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

চলতি সপ্তাহে গাইবান্ধার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আল মুজাহিদ সরকার রামচন্দ্রপুর ব্লক পরিদর্শন করেন। এ সময় তিনি প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় করে কৃষক কার্ডের উদ্দেশ্য ও সম্ভাব্য সুবিধা সম্পর্কে অবহিত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষকের ডিজিটাল পরিচয় তৈরি হবে। ফলে সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত, সঠিক ও সমানভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, রামচন্দ্রপুর ব্লকে নিবন্ধিত পুরুষ কৃষকের সংখ্যা ৪ হাজার ২৪২ জন এবং নারী কৃষকের সংখ্যা ৪ হাজার ৫৫৩ জন। ব্লকটির আয়তন ৭ দশমিক ৭২ বর্গকিলোমিটার। আর গাইবান্ধা সদর উপজেলায় মোট কৃষকের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার। এই বিপুলসংখ্যক কৃষকের তথ্য সংগ্রহে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪