শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. উবায়দুল ইসলাম সোহাগ। নির্বাচিত হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক, উন্নয়নমুখী ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উবায়দুল ইসলাম সোহাগ মরহুম আলেপ আলীর ছেলে। তিনি পলাশীকুড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে ২০০৮ সালের শেষ দিকে ওয়ার্কশপ ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি আলেপ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তিনি বলেন, চেয়ারম্যান পদ আমার কাছে ক্ষমতার জায়গা নয়; এটি মানুষের সেবা করার একটি সুযোগ। আমি চাই, পোড়াগাঁও ইউনিয়নের প্রতিটি মানুষ সহজে সরকারি সেবা পাক এবং উন্নয়নের সুফল ভোগ করুক।
তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেবেন।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কৃষি খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
উবায়দুল ইসলাম সোহাগ বলেন, জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করব। দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করাই হবে আমার অঙ্গীকার।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন। জনগণের সমর্থন পেলে একটি আধুনিক, সেবাবান্ধব ও মাদকমুক্ত পোড়াগাঁও ইউনিয়ন গড়ে তুলতে চান বলে জানান এই চেয়ারম্যান প্রার্থী।