জামালপুর প্রতিনিধি: জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার জামালপুর আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটওয়ারী জামালপুর শহরের পদযাত্রা ও সমাবেশ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ।
বুধবার (২২ জুলাই) জামালপুর শহরের বানাকুড়া এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা এনসিপির নেতৃবৃন্দ।
পদযাত্রা ও সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন জেলা এনসিপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়- জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা সফর করছেন দলের কেন্দ্রীয় নেতারা। তারই ধারাবাহিকতায় জামালপুরে কর্মসূচিতে সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটোয়ারী অংশগ্রহণ করবেন।
প্রথমে তাদের জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে ফৌজদারি পর্যন্ত পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখবেন দুই নেতা।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা জানান, জেলার সাত উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সমাবেশে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা ও সমাবেশ ঘিরে সাংগঠনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সমাবেশে কেন্দ্র থেকে এনসিপির ২০ জনের একটি টিম আসবে। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন, জামালপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ও এনসিপি নেতা অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম।
এ সময় এনসিপি নেতা শামীম বলেছেন, গত জুলাই গণ-আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরা এবং কর্মসংস্থান, সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।'
এ সময় জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি