| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য বিভাগের অভিযানে মানিকগঞ্জে তিন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ০৫:৫৩:৩৯:পূর্বাহ্ন  |  ১১৫৯ বার পঠিত
স্বাস্থ্য বিভাগের অভিযানে মানিকগঞ্জে তিন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: লাইসেন্স নবায়ন না করা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম না থাকা এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগে মানিকগঞ্জে দুটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আরেকটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযানে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

অভিযানকালে জয়রা রোডের আল রাফী জেনারেল হাসপাতালের লাইসেন্স ২০১৯-২০ সালের পর থেকে নবায়ন না করার তথ্য পাওয়া যায়। এছাড়া সেখানে লেবার রুম, কর্তব্যরত চিকিৎসক ও ডিপ্লোমা নার্স পাওয়া যায়নি। হাসপাতালটি এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেয়নি বলে স্বাস্থ্য বিভাগের দাবি।

অভিযান চলাকালে হাসপাতালটির পরিচালক সজল মিয়া এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। এ সময় তাঁর সঙ্গে সিভিল সার্জনের বাক্‌বিতণ্ডা হয়। তিনি দাবি করেন, তাঁর প্রতিষ্ঠানের মতো নিয়ম মেনে জেলার অন্য কোনো হাসপাতাল পরিচালিত হয় না।

এদিকে পাশের যমুনা জেনারেল হাসপাতালেও দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।”তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪