শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা গার্লস স্কুল অ্যান্ড কলেজে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) শিক্ষক, শিক্ষার্থী ও গভর্নিং বডির উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মাইনুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল মতিন বিদ্যালয় ও কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ছয় দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল প্রতিষ্ঠানটি জাতীয়করণ, নতুন একাডেমিক ভবন নির্মাণ, পুরোনো ভবন ও ছাদ সংস্কার, বাউন্ডারি দেয়াল উঁচুকরণ, পুকুর ভরাট এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আহমেদ আসলাম দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।