ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার কাঠালডাংগী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- হরিপুর উপজেলার কাঠালডাংগী গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো.শহিদুল ইসলাম (৩০) এবং দক্ষিণ মারাধর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. সানাউল্লাহ (২৯)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৪০ পিস প্যারোপটিন ট্যাবলেট এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ কাঠালডাংগী বিওপির সুবেদার মো. মহসিন আলীর নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ‘বেলডাংগী নতুন বাজার’ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
সীমান্তে মাদক ও চোরাচালান রোধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
রিপোর্টার্স২৪/এম এইচ