লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ষা মৌসুমে নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে গামবুট, রেইনকোট ও কোটি বিতরণ করেছে লক্ষ্মীপুর পৌরসভা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১২০ জন পরিচ্ছন্নতাকর্মীর হাতে গামবুট, রেইনকোট ও কোটি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, আজ আমরা এমন মানুষদের নিয়ে এই অনুষ্ঠান করছি, যারা ভোর থেকেই অক্লান্ত পরিশ্রম করে শহর পরিষ্কার রাখেন। তাদের শ্রমেই পৌরবাসী পরিচ্ছন্ন পরিবেশ পায়।
তিনি আরও বলেন, আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব। পৌরবাসী আপনাদের কাজে সন্তুষ্ট হলে তবেই আমরা নিজেদের সফল মনে করব। পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পৌরবাসীর মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীরা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্ষায় রেইনকোট, গামবুট পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। আমাদের সুবিধা–অসুবিধার দিকে আপনারা খেয়াল রাখেন। আমরাও আপনাদের পাশে থেকে শহরের জন্য কাজ করতে চাই।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব