| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিটি ওয়ার্ডে মুরব্বি-তরুণদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে: বগুড়া সিটি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ০০:০৬:২৪:পূর্বাহ্ন  |  ৯৫২ বার পঠিত
প্রতিটি ওয়ার্ডে মুরব্বি-তরুণদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে: বগুড়া সিটি প্রশাসক

বগুড়া প্রতিনিধি: বগুড়াকে পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে বয়স্ক মুরব্বি ও তরুণদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নগরের টিএমএসএস অডিটোরিয়ামে ‘পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী গঠন’ বিষয়ক সমন্বয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

এম আর ইসলাম স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ জেলা বগুড়াকে পরিচ্ছন্ন রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে প্রবীণ মুরব্বি ও তরুণদের নিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

তিনি আরও জানান, নগরের প্রতিটি ওয়ার্ডে ১২ থেকে ১৫ সদস্যের স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হবে। এসব কমিটি মহানগর সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।

সভায় বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও সমন্বয় কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শাশী, সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির স্থানীয় নেতারাও মতবিনিময় সভায় অংশ নিয়ে পরিচ্ছন্ন নগর গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪