| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে অসুস্থ বাবাকে রেখে ফিরতেই গায়েব ইজিবাইক

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ০০:৪৭:১৬:পূর্বাহ্ন  |  ১০৮৬০ বার পঠিত
হাসপাতালে অসুস্থ বাবাকে রেখে ফিরতেই গায়েব ইজিবাইক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে চুরি যাওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা জানান, হাসপাতাল থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করা হয়। এরপর প্রথমে গড়েয়া বাজার এলাকা থেকে মো. মোমিন (৫৪) ও মো. বাদল নামের দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক কেনাবেচায় জড়িত মো. আনোয়ার হোসেন (৫৩) ও মো. তাসলিম বাবুকে (৩২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তাসলিম বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই ইজিবাইকের ক্রেতা পালিয়ে গেলেও তাঁর বাসা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়। বাদী ইজিবাইকটি নিজের বলে শনাক্ত করেছেন।

মামলা ও ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ জুলাই সকাল নয়টার দিকে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মো. মাসুদ রানা (২১) তাঁর ইজিবাইক নিয়ে বের হন। সকাল ১০টার দিকে তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান। হাসপাতালের টিকাদান কেন্দ্রের গেটের সামনে ইজিবাইকটি রেখে বাবাকে জরুরি বিভাগে ভর্তি করান মাসুদ। বেলা ১১টা ৩৫ মিনিটে বের হয়ে দেখেন তাঁর ইজিবাইকটি নেই। পরে এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের এই চুরির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। অভিযানে চোরাই বাহনটি বিক্রির সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪