পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মিরাজ আলী (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ আলী হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।
প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিরাজ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এর আগে গাঁজা বিক্রির অভিযোগে তিনি দুইবার কারাভোগ করেন। এমনকি তার অত্যাচারে স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে যান।
সর্বশেষ গত ২২ জুলাই বাড়িতে অশান্তির একপর্যায়ে বাবা কারণ জানতে চাইলে মিরাজ করাত এনে বাবার গলায় ধরে জবাই করার চেষ্টা করেন। মা বাধা দিতে এলে তাকেও তেড়ে যান তিনি। পরে দুজন দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। পরদিন বুধবার (২৩ জুলাই) বাবা জাহিদুল ইসলাম ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে শুনানির সময় মিরাজ প্রকাশ্যে মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে তার বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা জানান, অভিযুক্তের স্বীকারোক্তি, লিখিত অভিযোগ ও উদ্ধার করা আলামতের ভিত্তিতে প্রচলিত আইনে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব