| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ২৩:২২:০৩:অপরাহ্ন  |  ৩৩৯ বার পঠিত
জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

স্টাফ রিপোর্টার: কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে আলোচিত ঘটনার পর এবার শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কলেজটির সাত শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদের দেশের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমেনা বেগম।

প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজটির উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষ্মীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

কলেজ সূত্র জানায়, উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম সরাসরি পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন না। গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া ছিলেন পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক।

এর আগে গত ১৩ জুলাই টানা বর্ষণে কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ নগরীর বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেক’-এর সহযোগিতায় নৌকা ও ভ্যানগাড়িতে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

এরপর ১৮ জুলাই কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কলেজ পরিদর্শনে গিয়ে জলাবদ্ধতা ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আমেনা বেগম বলেন, ‘বদলি সরকারি চাকরির একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কোনো কর্মকর্তাকে যেকোনো সময় বদলি করতে পারে।’

তবে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সাত শিক্ষককে ওএসডি ও সংযুক্ত করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪