| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে বাড়িঘর ভাঙচুর, জমি দখল ও হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ০৭:১৮:১৬:পূর্বাহ্ন  |  ২৫৯ বার পঠিত
সুবর্ণচরে বাড়িঘর ভাঙচুর, জমি দখল ও হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙচুর, জমি দখল, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চর মাকসুমুল গ্রামে শতশত এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী জামাল উদ্দিন মেম্বার, আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ভুক্তভোগী জামাল উদ্দিন মেম্বার অভিযোগ করেন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম, তাঁর ভাই জসিম উদ্দিন (কালা) এবং তাঁদের সহযোগীরা দীর্ঘদিন ধরে ভূমিহীন মানুষের বাড়িঘর ও জমি দখল, হামলা, মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন। তাঁর দাবি, গত বছরের ৫ আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড আরও বেড়েছে।

মানববন্ধনে আলা উদ্দিন অভিযোগ করেন, গত ২৩ জুলাই দিবাগত রাতে তাঁদের ইজারাকৃত একটি মৎস্য প্রকল্পে হামলা চালানো হয়। এতে চারটি ঘর ভাঙচুর করা হয় এবং একটি ঘরে আগুন দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ২০ লাখ টাকার মাছ এবং প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় দখল, হামলা ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতি অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

অভিযোগের বিষয়ে দিদারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে জসিম উদ্দিনও অভিযোগের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল হাসান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪