| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষের সেবা-কল্যাণের মধ্যেই নিজেকে বিলিয়ে দিতে চাই: মামুনুর রশিদ

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১৭:৩৪:২৩:অপরাহ্ন  |  ৯৯৭৮২০ বার পঠিত
মানুষের সেবা-কল্যাণের মধ্যেই নিজেকে বিলিয়ে দিতে চাই: মামুনুর রশিদ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৫ নম্বর ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মামুনুর রশিদ। নির্বাচিত হলে ইউনিয়নবাসীর ‘শাসক নয়, সেবক’ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মামুনুর রশিদ পেশায় একজন ব্যবসায়ী। তিনি রাজধানীর তেজগাঁওয়ের প্যারামাউন্ট হিমাগারের পরিচালক এবং ভাই ভাই ট্রেডার্স ও ভাই ভাই কোল্ডস্টোরেজ লিমিটেডের স্বত্বাধিকারী। পাশাপাশি ঢাকা কোল্ডস্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফুডস্টাফস ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বাফিসা) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮২ সালের ১৭ জানুয়ারি কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশিদ। মরহুম মো. রহমত আলী ও মাজেদা বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে তিনি চতুর্থ। স্থানীয় ঘোরশ্বাব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে কামারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মনোহরদী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা জানান মামুনুর রশিদ। নব্বইয়ের দশকে ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়। পরে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ও আহ্বায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। কাপাসিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা যুবদলের সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।

সম্প্রতি এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মামুনুর রশিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। কাপাসিয়ার উন্নয়নে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ভূমিকা তাঁকে রাজনীতিতে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করেছে বলেও জানান। বর্তমানে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সঙ্গে তিনি রাজনৈতিকভাবে কাজ করছেন বলে জানান।

মামুনুর রশিদের দাবি, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি ঘাগটিয়া ইউনিয়নসহ নিজ এলাকার মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছেন। করোনা মহামারির সময়ে সুরক্ষা সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র দেওয়া, অসচ্ছল পরিবারকে সহায়তা এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন বলে জানান তিনি। কিশোর-তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকবিরোধী প্রচার, সেমিনার ও লিফলেট বিতরণের মতো কার্যক্রমেও যুক্ত থাকার কথা জানান।

চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমেই ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করার অঙ্গীকার করেছেন মামুনুর রশিদ। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং সরকারি সেবার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

দলীয় মনোনয়নের বিষয়ে মামুনুর রশিদ বলেন, দলের দুঃসময়ে দীর্ঘদিন কাজ করার কারণে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলেও জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়া বা না হওয়া—দুই পরিস্থিতিতেই মানুষের জন্য তাঁর সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪