স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৯০ জন।
এ সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭০ জন। আর ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।
মৃত্যুর হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৯৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম সন্দেহে রোগী ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আক্রান্তদের চিকিৎসা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি