ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারংয়ে বসতঘরের বারান্দায় বসে গাঁজা বিক্রির সময় ২৫০ গ্রাম শুকনা গাঁজা ও নগদ ৪ হাজার ৭০০ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী পালিয়ে গেছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিলারং উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চিলারং উত্তরপাড়া গ্রামের হাজেরা বেগম (৫৫) ও রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর হরিহরপুর এলাকার সুজন মিয়া (৩৩)। পুলিশ জানিয়েছে, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশ ও জেলা পুলিশ লাইন্সের একটি যৌথ দল চিলারং উত্তরপাড়ায় রফিক মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের বারান্দায় গাঁজা বিক্রির সময় হাজেরা বেগম ও সুজন মিয়াকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
অভিযানের সময় শিল্পী আক্তার (৪০) নামে এক নারী দৌড়ে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি