| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে রাজনীতি করে, তাদের অপকর্ম বেশি: এ্যানি

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ০৩:৫০:০১:পূর্বাহ্ন  |  ১৪৩৩৬ বার পঠিত
যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে রাজনীতি করে, তাদের অপকর্ম বেশি: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: এ দেশে আজকে যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে রাজনীতি করে,  তাদের ইনসাফ এবং কল্যাণ একটু খতিয়ে দেখলে অনেক অপকর্ম বেরিয়ে আসবে। বেশি বিশ্লেষণ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, সে বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছি না।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট যেভাবে বিদায় নিয়েছে, ১৭ বছর তাদের যেভাবে ধারাবাহিকতা ছিল। চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক, সামাজিকভাবে যে কোনো প্রোগ্রামে হোক, তাদের স্মরণ করে যদি একই পথে হাঁটি মানুষ কিন্তু আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতা করার ক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাবো। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশে আমাদের পাশাপাশি অনেক রাজনৈতিক দলকে আপনারা দেখছেন। ১৭ বছর তো আওয়ামী লীগের শাসন দেখে এমন অভ্যস্ত হয়েছেন, এখন আর তাদের নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার কথায় যেন কেউ আহত না হন, মনে কষ্ট না পান, নেতাকর্মীদের আমরা বারবার তা স্মরণ করিয়ে দিই।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪