| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১১:৪৪:৫৭:পূর্বাহ্ন  |  ৮৩৯ বার পঠিত
১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রতিবছর দেশের সেরা মৎস্য উদ্যোক্তা ও খামারিদের স্বর্ণপদক দেওয়া হয়। এতদিন ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন হলেও এবার মৎস্য উৎপাদন ও উদ্যোক্তাদের উপস্থিতি বিবেচনায় ঢাকার বাইরে কিশোরগঞ্জের কটিয়াদীকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে কটিয়াদীকে এ আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর। একই সঙ্গে ঢাকার বাইরে জাতীয় পর্যায়ের এমন বড় আয়োজনও এ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হয়ে থাকে। মৎস্য খাতের সম্ভাবনা, সফল উদ্যোক্তা ও খামারিদের কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কিশোরগঞ্জকে এবারের আয়োজনের জন্য নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য মৎস্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তা ও খামারিদের উৎসাহিত করা। কিশোরগঞ্জে এ আয়োজন জেলার জন্য গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ের কর্মসূচি সফলভাবে আয়োজন করা গেলে জেলার ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। তিনি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪