রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মনোয়ার নামে এক অটোরিকশাযাত্রী নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরাবাদ থেকে ২৬টি তেলবাহী বগি নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনসহ সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন।
এ সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহনের একটি বাস, একটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণহীন বিচ্ছিন্ন বগিগুলো যানবাহনগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়, বাসটি রেললাইনের পাশের খাদে পড়ে এবং ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইজিবাইকের যাত্রী মনোয়ার মারা যান।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, রাত ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমানও ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি ও উদ্ধার তৎপরতার কথা জানান।
এদিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেললাইন পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
দুর্ঘটনার কারণে খানখানাপুর রেলগেট এলাকায় সড়কপথে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে প্রায় ৪৫ মিনিট পর তা স্বাভাবিক হয়। তবে রেললাইন পরিষ্কার ও বিচ্ছিন্ন বগি সরানোর কাজ চলায় রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি