চট্টগ্রাম প্রতিনিধি: বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার (২৭ জুলাই) থেকে আবার শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বন্যা পরিস্থিতির অবনতির কারণে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। একই সময়ে আলিম, এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ২৩ জুলাই স্থগিত পরীক্ষাগুলো ২৭ জুলাই থেকে পুনরায় নেওয়ার ঘোষণা দেয়। তবে স্থগিত হওয়ার আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি, সেগুলো নতুন সময়সূচি প্রকাশ করে পরে নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ২৮৩টি কলেজের মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী এবার এইচএসসিতে অংশ নিচ্ছেন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী রয়েছেন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ২৫৫ এবং ছাত্রী ১২ হাজার ৬৪৮ জন। মানবিক বিভাগে ছাত্র ১৬ হাজার ৩৪২ এবং ছাত্রী ২৭ হাজার ৮৯৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র ১৫ হাজার ৫৮৫ এবং ছাত্রী ১৫ হাজার ৯৫৪ জন।
জেলা হিসেবে চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি—৭০ হাজার ৯৭৪ জন। এছাড়া কক্সবাজারে ১২ হাজার ২৫৫, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
বন্যার কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও পরিস্থিতির উন্নতির পর পরীক্ষা ফের শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
রিপোর্টার্স২৪/বাবি