তারাকান্দা প্রতিনিধি: ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানে ময়মনসিংহের তারাকান্দায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২৬ জুলাই) তারাকান্দা উপজেলার কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন তারাকান্দা গড়ে তোলা সম্ভব নয়।
তিনি বলেন, প্রতি রোববার শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু হওয়া উচিত। পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যসচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
রিপোর্টার্স২৪/ধ্রুব