সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি এবং ছেলে শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে এ অনশন কর্মসূচি শুরু হয়। এতে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার মা, স্ত্রীসহ পরিবারের সদস্যরা অংশ নেন।
শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার (২৬ জুলাই) রাতে ফোন করে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু।
তিনি আরও অভিযোগ করেন, ওই সময় তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালাগালি করা হয় এবং তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন নারী, স্ত্রী ও মা হিসেবে তিনি অপমানিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
শাপলা আহমেদ বলেন, হুমকির ঘটনার সুষ্ঠু বিচার, অভিযুক্ত ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও সাংগঠনিকভাবে বহিষ্কার না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি চলবে।
এ বিষয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেন সানুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ঝুম