বাউফল প্রতিনিধি: সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অপপ্রচার দূর করতে জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভায় এমপি ড. মাসুদ বলেন, একটি মাদকমুক্ত ও গুজবমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে রক্ষা করতে এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বড় ঘোষণা দেন। তিনি বলেন, যারা মাদক কারবারিদের সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন, তাদের নগদ ৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সভার বিশেষ অতিথি বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মাদক ও কিশোর অপরাধ নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত চলছে। তবে জনগণের তথ্য ছাড়া এটা পুরোপুরি সম্ভব নয়।
ইউএনও সালেহ আহমেদ বলেন, শুধু প্রশাসন দিয়ে সমাজের সব সমস্যার সমাধান করা যাবে না। নিরাপদ বাউফল গড়তে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই মিলে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সম্প্রীতির বাউফল গড়ার অঙ্গীকার করেন।
রিপোর্টার্স২৪/ঝুম