গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও এক ধাপ এগিয়ে নিতে জেলা পরিষদের উদ্যোগে একটি আধুনিক ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) মেশিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা সরঞ্জামটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
এ সময় হাসপাতালের বিদ্যমান সংকট নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। মেশিন হস্তান্তর পর্ব শেষে হাসপাতালের নতুন ভবন চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধান অতিথি।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম