ইন্টারন্যাশনাল ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধে নিহত কয়েকজন স্বাস্থ্যকর্মী—যাদের চিকিৎসক, নার্স, প্যারামেডিক ও হাসপাতালের কর্মচারী হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় প্রতিষ্ঠান উল্লেখ করেছিল—তাদের মধ্যে অন্তত ১৮ জনকে পরে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নিজেদের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে বলে দাবী ইসরায়েলের। উদাহরণ হিসেবে মোহাম্মদ আকরাম আল-কাফারনার নাম উল্লেখ করা হয়েছে। তিনি গাজার ফিলিস্তিনি নার্স ও মিডওয়াইফ সিন্ডিকেটের নেতা ছিলেন এবং তার মৃত্যুতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) শোক প্রকাশ করে। তবে হামাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি একই সঙ্গে তাদের উত্তর গাজা ব্রিগেডের ব্যাটালিয়নের সদস্যও ছিলেন।
প্রতিবেদনটি আরও বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে হামাস ও ইসলামিক জিহাদ তাদের নিহত সদস্যদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে আরও কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নাম রয়েছে। এর মধ্যে আহমদ আদেল আবু আল-হিলাল, আইমান আবু তির, ইব্রাহিম আল-ফাররা এবং আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক চিকিৎসা সংগঠন এবং গাজার স্বাস্থ্য খাত পর্যবেক্ষণকারী বিভিন্ন প্রতিষ্ঠান এখনো তাদের অনেককে স্বাস্থ্যকর্মী হিসেবেই তালিকাভুক্ত রেখেছে। এসব সংস্থার মতে, কোনো ব্যক্তি স্বাস্থ্যসেবা পেশায় কাজ করতেন—এই তথ্য তার মৃত্যুর নথিভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যদিও তার অন্য কোনো পরিচয় নিয়ে ভিন্ন দাবি থাকতে পারে। ফলে গাজার যুদ্ধ, হাসপাতালের ভূমিকা এবং স্বাস্থ্যকর্মীদের অবস্থান নিয়ে বিতর্ক এখনো অব্যাহত রয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব