ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লা গঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দুলাল সরদারের বিচার ও ইউনিয়ন পরিষদ থেকে অপসারনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
বুধবার (২৯ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ইউপি পরিষদের সদস্য জিহাদুল ইসলাম বলেন, সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার। কিন্তু সেখানে গ্রাম পুলিশের সদস্য হয়েও স্থানীয় মাদক কারবারিদের সাথে যোগসাজশে দুলাল সরদারের মাদকের নেটওয়ার্ক যুব সমাজকে ধ্বংসের কাছে নিয়ে যাচ্ছে। আমরা মানব বন্ধন কর্মসূচি থেকে গ্রাম পুলিশ দুলাল সরদারের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং চাকরি থেকে অব্যাহতের দাবী জানাচ্ছি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সাহাবুর বলেন, দুলাল সরদারকে তার আগের ইউপি চেয়ারম্যান অনৈতিক উপায়ে চাকরি দিয়েছেন। এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তাকে দুই নম্বর ওয়ার্ড এলাকায় গ্রাম পুলিশে চাকরি দেওয়া হয়েছে। সেই সাথে দুলাল সরদার ইউনিয়ন পরিষদের কাজের ফাঁকি দিয়ে মাদক কারবারিদের সাথে বিশেষ সখ্যতা ছিল বলে জানান।
প্রসঙ্গত, ভাঙ্গা থানা পুলিশ ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সোমবার রাতে নুরুল্লা গঞ্জের বাড়ি থেকে গ্রাম পুলিশ দুলাল সরদার ও তার সহযোগী মাদকের কারবারি রনি শেখের স্ত্রী আসমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ দুলাল সরদারের সার্বিক সহযোগিতায় রনি ও আসমা আক্তার গোটা ইউনিয়ন এলাকায় পাইকারী ও খুচরা মাদকের বিশাল নেটওয়ার্ক জোনে পরিণত করে। জেলা পর্যায়ের কথিত সাংবাদিক দুলাল সরদারের আত্মীয়তার সূত্রতায় ধরাকে সরা জ্ঞান করতেন। অবশেষে ইয়াবা ট্যাবলেট নিয়ে গ্রেপ্তারে গ্রাম পুলিশ দুলাল সাহার মুখোশ সবার কাছে উম্মেচন হয়ে পড়ে।
রিপোর্টার্স২৪/ধ্রুব