নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে এক ব্যক্তিকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই) পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন রাজিব চন্দ্র দে (৩৬), পিতা- সনজিৎ চন্দ্র দে, গ্রামের বাড়ি মনোহরদী হিন্দুপাড়া, মনোহরদী, নরসিংদী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজিব চন্দ্র দে প্রকাশ্যে গাঁজা সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা, ১টি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, রাজিব চন্দ্র দে এলাকায় একজন চিহ্নিত গাঁজা কারবারি হিসেবে পরিচিত। তার উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল।
অভিযানে মনোহরদী থানার এএসআই মো. এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব