নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বিভিন্ন অনিয়মের দায়ে মাদার কেয়ার জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই) নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদার কেয়ার জেনারেল হাসপাতালে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পরিদর্শনকালে হাসপাতালে কোনো নিবন্ধিত চিকিৎসক উপস্থিত না থাকা, আল্ট্রাসাউন্ড কক্ষের সামনে গর্ভস্থ সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ সংক্রান্ত বিজ্ঞ হাইকোর্টের নির্দেশনা প্রদর্শন না করা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতিতে অপারেশন সম্পন্ন হওয়ার প্রমাণ পাওয়া, অপারেশন থিয়েটারের দুটি অপারেশন লাইট অকার্যকর থাকা, ল্যাব টেকনোলজিস্টদের একজনের শিক্ষাগত ও পেশাগত সনদপত্র উপস্থাপন করতে না পারা, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ফি নিয়ে রক্ত পরীক্ষা করা, এক্স-রে কক্ষে বিকিরণ প্রতিরোধী লিড (Lead) সংবলিত দরজা না থাকা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স টানা তিন বছর নবায়ন না করা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদীর প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব