| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর না বাড়িয়ে নাসিকের ইতিহাসে সর্বোচ্চ ১,০৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৮:৪৫:২৮:অপরাহ্ন  |  ৯২৭ বার পঠিত
কর না বাড়িয়ে নাসিকের ইতিহাসে সর্বোচ্চ ১,০৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি নাসিকের ইতিহাসে সর্বোচ্চ বাজেট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি নাসিকের ১৫তম বাজেট এবং প্রশাসক হিসেবে তাঁর প্রথম বাজেট ঘোষণা।

গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা। সে তুলনায় এবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ৮৭৯ কোটি টাকার বাজেট ছিল সর্বোচ্চ।

বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বরং ছাদবাগানিদের জন্য বিদ্যমান ২৭ শতাংশ গৃহকর ছাড়ের সঙ্গে অতিরিক্ত ২ শতাংশ ছাড় যুক্ত করা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।

তিনি বলেন, এবারের বাজেটে নাগরিক দুর্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে বাড়তি বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নের বিভিন্ন খাতেও অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৩০ কোটি টাকা। এতে ১৩০ কোটির বেশি উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

বাজেটের অর্থায়নের ক্ষেত্রে নিজস্ব রাজস্ব আয়কে গুরুত্ব দেওয়া হলেও মোট আয়ের ৫২ শতাংশ বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সহায়তা থেকে আসবে বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে মোট ব্যয়ের ৬৭ শতাংশও এ খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

রাজস্ব আদায় বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক। এ লক্ষ্যে রাজস্ব আদায়ের ৪৬ শতাংশ এ খাতের উন্নয়নে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও বাজেট বাস্তবায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অতীতে রাজনৈতিক বিভাজন ও দ্বন্দ্বের কারণে নারায়ণগঞ্জ নগরী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে সুখী, সমৃদ্ধ, ব্যবসাবান্ধব, শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে থাকা আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪